Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilFrench
Bengali - Chapter 68 - Al-Qalam
Translation by Muhiuddin Khan — Permalink
Verse 1 — Surah Al-Qalam 68:1
নূন। শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে
Verse 2 — Surah Al-Qalam 68:2
আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন।
Verse 3 — Surah Al-Qalam 68:3
আপনার জন্যে অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার।
Verse 4 — Surah Al-Qalam 68:4
আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী।
Verse 5 — Surah Al-Qalam 68:5
সত্ত্বরই আপনি দেখে নিবেন এবং তারাও দেখে নিবে।
Verse 6 — Surah Al-Qalam 68:6
কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত।
Verse 7 — Surah Al-Qalam 68:7
আপনার পালনকর্তা সম্যক জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন যারা সৎপথ প্রাপ্ত।
Verse 8 — Surah Al-Qalam 68:8
অতএব, আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না।
Verse 9 — Surah Al-Qalam 68:9
তারা চায় যদি আপনি নমনীয় হন, তবে তারাও নমনীয় হবে।
Verse 10 — Surah Al-Qalam 68:10
যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না।
Verse 11 — Surah Al-Qalam 68:11
যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে।
Verse 12 — Surah Al-Qalam 68:12
যে ভাল কাজে বাধা দেয়, সে সীমালংঘন করে, সে পাপিষ্ঠ
Verse 13 — Surah Al-Qalam 68:13
কঠোর স্বভাব, তদুপরি কুখ্যাত
Verse 14 — Surah Al-Qalam 68:14
এ কারণে যে, সে ধন-সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী।
Verse 15 — Surah Al-Qalam 68:15
তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে; সেকালের উপকথা।
Verse 16 — Surah Al-Qalam 68:16
আমি তার নাসিকা দাগিয়ে দিব।
Verse 17 — Surah Al-Qalam 68:17
আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদের, যখন তারা শপথ করেছিল যে, সকালে বাগানের ফল আহরণ করবে
Verse 18 — Surah Al-Qalam 68:18
ইনশাআল্লাহ না বলে।
Verse 19 — Surah Al-Qalam 68:19
অতঃপর আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হলো। যখন তারা নিদ্রিত ছিল।
Verse 20 — Surah Al-Qalam 68:20
ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্নবিচ্ছিন্ন তৃণসম।
Verse 21 — Surah Al-Qalam 68:21
সকালে তারা একে অপরকে ডেকে বলল
Verse 22 — Surah Al-Qalam 68:22
তোমরা যদি ফল আহরণ করতে চাও, তবে সকাল সকাল ক্ষেতে চল।
Verse 23 — Surah Al-Qalam 68:23
অতঃপর তারা চলল ফিসফিস করে কথা বলতে বলতে
Verse 24 — Surah Al-Qalam 68:24
অদ্য যেন কোন মিসকীন ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে।
Verse 25 — Surah Al-Qalam 68:25
তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজোরে রওয়ানা হল।
Verse 26 — Surah Al-Qalam 68:26
অতঃপর যখন তারা বাগান দেখল, তখন বললঃ আমরা তো পথ ভূলে গেছি।
Verse 27 — Surah Al-Qalam 68:27
বরং আমরা তো কপালপোড়া
Verse 28 — Surah Al-Qalam 68:28
তাদের উত্তম ব্যক্তি বললঃ আমি কি তোমাদেরকে বলিনি? এখনও তোমরা আল্লাহ তা’আলার পবিত্রতা বর্ণনা করছো না কেন
Verse 29 — Surah Al-Qalam 68:29
তারা বললঃ আমরা আমাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চিতই আমরা সীমালংঘনকারী ছিলাম।
Verse 30 — Surah Al-Qalam 68:30
অতঃপর তারা একে অপরকে ভৎর্সনা করতে লাগল।
Verse 31 — Surah Al-Qalam 68:31
তারা বললঃ হায়! দুর্ভোগ আমাদের আমরা ছিলাম সীমাতিক্রমকারী।
Verse 32 — Surah Al-Qalam 68:32
সম্ভবতঃ আমাদের পালনকর্তা পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দিবেন। আমরা আমাদের পালনকর্তার কাছে আশাবাদী।
Verse 33 — Surah Al-Qalam 68:33
শাস্তি এভাবেই আসে এবং পরকালের শাস্তি আরও গুরুতর; যদি তারা জানত
Verse 34 — Surah Al-Qalam 68:34
মোত্তাকীদের জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে নেয়ামতের জান্নাত।
Verse 35 — Surah Al-Qalam 68:35
আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব
Verse 36 — Surah Al-Qalam 68:36
তোমাদের কি হল ? তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ
Verse 37 — Surah Al-Qalam 68:37
তোমাদের কি কোন কিতাব আছে, যা তোমরা পাঠ কর।
Verse 38 — Surah Al-Qalam 68:38
তাতে তোমরা যা পছন্দ কর, তাই পাও
Verse 39 — Surah Al-Qalam 68:39
না তোমরা আমার কাছ থেকেকেয়ামত পর্যন্ত বলবৎ কোন শপথ নিয়েছ যে, তোমরা তাই পাবে যা তোমরা সিদ্ধান্ত করবে
Verse 40 — Surah Al-Qalam 68:40
আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের কে এ বিষয়ে দায়িত্বশীল
Verse 41 — Surah Al-Qalam 68:41
না তাদের কোন শরীক উপাস্য আছে? থাকলে তাদের শরীক উপাস্যদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়।
Verse 42 — Surah Al-Qalam 68:42
গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ কর, সেদিন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হবে, অতঃপর তারা সক্ষম হবে না।
Verse 43 — Surah Al-Qalam 68:43
তাদের দৃষ্টি অবনত থাকবে; তারা লাঞ্ছনাগ্রস্ত হবে, অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল, তখন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হত।
Verse 44 — Surah Al-Qalam 68:44
অতএব, যারা এই কালামকে মিথ্যা বলে, তাদেরকে আমার হাতে ছেড়ে দিন, আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে, তারা জানতে পারবে না।
Verse 45 — Surah Al-Qalam 68:45
আমি তাদেরকে সময় দেই। নিশ্চয় আমার কৌশল মজবুত।
Verse 46 — Surah Al-Qalam 68:46
আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান? ফলে তাদের উপর জরিমানার বোঝা পড়ছে
Verse 47 — Surah Al-Qalam 68:47
না তাদের কাছে গায়বের খবর আছে? অতঃপর তারা তা লিপিবদ্ধ করে।
Verse 48 — Surah Al-Qalam 68:48
আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় সবর করুন এবং মাছওয়ালা ইউনুসের মত হবেন না, যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল।
Verse 49 — Surah Al-Qalam 68:49
যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত, তবে সে নিন্দিত অবস্থায় জনশুন্য প্রান্তরে নিক্ষিপ্ত হত।
Verse 50 — Surah Al-Qalam 68:50
অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করে নিলেন।
Verse 51 — Surah Al-Qalam 68:51
কাফেররা যখন কোরআন শুনে, তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দিবে এবং তারা বলেঃ সে তো একজন পাগল।
Verse 52 — Surah Al-Qalam 68:52
অথচ এই কোরআন তো বিশ্বজগতের জন্যে উপদেশ বৈ নয়।